
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় দুই দিন ধরে মাছ ধরতে পারছেন না খুলনা ও বাগেরহাট উপকূলের জেলেরা। বৈরী আবহাওয়ায় সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লির জেলেদেরও দুর্ভোগ বেড়েছে। বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে শুকাতে দেওয়া মাছ ও তৈরি করা শুঁটকি। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ শুকানোর মাচাও।
ঝোড়ো বাতাস ও বৃষ্টি থেকে রক্ষা পেতে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। শুঁটকি মৌসুমের শুরুতেই দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছেন প্রায় ১০ হাজার জেলে ও ব্যবসায়ী।
বৃহস্পতিবার দুপুরে দুবলার আলোরকোল থেকে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, বুধবার থেকে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মাছ ধরতে না পেরে শুঁটকি উৎপাদনের সঙ্গে যুক্ত জেলেরা তাঁদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, দুই দিন আগে সাগর থেকে ধরে আনা যেসব মাছ শুকাতে দেওয়া হয়েছিল, সেগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। আবহাওয়া দ্রুত ভালো না হলে এসব মাছ রক্ষা করা কঠিন হবে। চলতি শুঁটকি মৌসুমের শুরু থেকেই দুই দফায় বৈরী আবহাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন জেলেরা।
বাগেরহাটের রামপাল উপজেলা জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছেন জেলেরা। চলতি মাসের শুরুতে ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবেও সাগর উত্তাল ছিল। তখনও জেলেরা ক্ষতির মুখে পড়েন। এবার আকভানের প্রভাবে দুই দিনের বৃষ্টিতে অনেকের মাছ ভিজে নষ্ট হয়েছে। এতে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এ কারণে দুবলার চরের শুঁটকিপল্লির জেলেরা দুই দিন ধরে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। বর্তমানে ওই এলাকায় ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন।
গত ২৯ অক্টোবর থেকে সুন্দরবনে শুঁটকি তৈরির মৌসুম শুরু হয়েছে। পাঁচ মাস ধরে দুবলার চরসহ বিভিন্ন চরে অস্থায়ী স্থাপনা ও মাচা তৈরি করে মাছ শুকিয়ে শুঁটকি উৎপাদন করেন জেলেরা। এবার শুঁটকিপল্লি থেকে সরকারের ৮ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজও ব্যাহত হয়েছে। তবে বন্দরের পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম সামগ্রিকভাবে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সালাহ্ উদ্দিন কবির। তাঁর ভাষ্য, টানা বৃষ্টির কারণে কাজে কিছুটা সমস্যা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।বেশি জেলে।


