
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফকিরহাটের আট্টাকী গ্রামের শেখ সরোয়ার হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জুলফিকার হোসেন (৪৭) এবং মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মৃত সরদার আব্দুল মালেকের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দীন (৬৯)।
পুলিশ জানায়, ফকিরহাট মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি করা ওই মামলার নম্বর ০৫ এবং জিআর নম্বর ১৭/২০২৫। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩০৭ ও ২০৯ ধারা, বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক উপাদান আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে তাঁদের আটক করার পর রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


