
অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মুম্বাইয়ে পাড়ি জমান অনেক নারী। তবে বিনোদনজগতের চাকচিক্যের আড়ালে কাজের সুযোগ পাওয়ার আশায় অনেককেই মুখোমুখি হতে হয় অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর পরিস্থিতির। ক্যারিয়ারের শুরুর দিকে এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে নিজের অস্বস্তির কথা জানাতেও ভয় পাচ্ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়ে দেবিনা বলেন, একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাঁকে কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন অভিনয়জগতে একেবারেই নতুন ছিলেন তিনি। পরিচালকের প্রস্তাবে সরাসরি না বলা ঠিক হবে কি না, তা বুঝে উঠতে পারছিলেন না। তবে শুরু থেকেই তাঁর মনে হচ্ছিল, পরিস্থিতি স্বাভাবিক নয়।
একপর্যায়ে অনিচ্ছা সত্ত্বেও পরিচালকের গাড়িতে ওঠেন দেবিনা। গাড়ি চলতে চলতে নির্জন ও অন্ধকার একটি জায়গায় গিয়ে থামে। সেখানে পরিচালক তাঁকে চুম্বন করার প্রস্তাব দেন। এমন আচরণে ভয় পেয়ে যান অভিনেত্রী। অচেনা জায়গায় নিজেকে অসহায় মনে হচ্ছিল তাঁর। ওই ব্যক্তি তাঁর কোনো ক্ষতি করতে পারেন—এমন আশঙ্কাও তৈরি হয়।
দেবিনা জানান, শেষ পর্যন্ত সাহস করে কাঁপা গলায় পরিচালকের কাছে নিজের অস্বস্তির কথা জানান। স্পষ্ট করে বলেন, এমন পরিস্থিতিতে তিনি স্বচ্ছন্দ নন।
জীবনের সেই কঠিন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দেবিনা আরও জানান, গুরমীত চৌধরী তাঁর জীবনে আসার পর নিরাপদ আশ্রয়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। স্বামী গুরমীতের মধ্যেই খুঁজে পেয়েছেন নির্ভরতা ও নিরাপত্তা।
দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন দেবিনা। পরে হিন্দি টেলিভিশনে কাজ শুরু করেন তিনি। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ওই ধারাবাহিকে রামের চরিত্রে ছিলেন গুরমীত চৌধরী। পর্দার এই জুটি পরবর্তী সময়ে বাস্তব জীবনেও একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে।
দেবিনা বন্দ্যোপাধ্যায়, গুরমীত চৌধরী, দেবিনার অভিজ্ঞতা, দক্ষিণী সিনেমা, বলিউড, বিনোদন জগৎ, রামায়ণ ধারাবাহিক
অভিনয়জীবনের শুরুর দিকে দক্ষিণী সিনেমার এক পরিচালকের অস্বস্তিকর প্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।


