
সরকার ও প্রশাসনের একাংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনা করছে। জুলাই সনদের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় থাকলেও সরকার তা মানছে না। এতে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা আক্রমণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, পুরোনো ছবি ও ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক তৈরি করা হচ্ছে। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না।
প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন দাবি করে তিনি বলেন, তাঁদের নিষ্ক্রিয়তা কিংবা সহযোগিতায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরেও বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ চান জামায়াতের এই নেতা।
তিনি জানান, আগামী ২১ নভেম্বর রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ডিসেম্বরজুড়েও দলটির কর্মসূচি রয়েছে।
জুলাই সনদের গণরায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে। এ ক্ষেত্রে সংসদে আলোচনা করে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আইনি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। গণরায় মেনে নিলে জামায়াত কর্মসূচি প্রত্যাহার করবে বলেও জানান তিনি।
গার্মেন্টস খাতের সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সুরক্ষায় মালিকদেরও দায়িত্বশীল হতে হবে।
সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে জামায়াতের সহযোগিতা চাওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে কেউ সহযোগিতা চায়নি। গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার শর্তে সরকারকে সহায়তার কোনো সিদ্ধান্তও দলটির নেই।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


