
প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দাবিগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ, রাশিয়ায় ঝুঁকিপূর্ণ নিয়োগ প্রতিরোধ এবং ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে বিএমইটির প্রশাসনিক জটিলতা দূর করা।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী।
মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যম নন, তাঁরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। অথচ বিদেশে কাজের জন্য যেতে গিয়ে তাঁদের প্রতারণা, ঋণের বোঝা ও নানা হয়রানির শিকার হতে হয়। তাঁদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ নিয়েও বক্তব্য দেন মঞ্জু। তিনি বলেন, গণভোটে জনগণের রায়ের পর এসব নোট অব ডিসেন্টের রাজনৈতিক ভিত্তি আর নেই। চট্টগ্রাম বন্দর ও নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বসংক্রান্ত সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে তিনি এ বিষয়ে প্রশ্ন তোলেন।
লিখিত বক্তব্যে রাজা গোলাম রব্বানী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত ব্যয়ের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। শ্রমবাজার চালুর উদ্যোগে সীমিতসংখ্যক এজেন্সির সিন্ডিকেটের সুযোগ না দিয়ে সব যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
রাশিয়ায় কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের সামরিক কাজে যুক্ত করার অভিযোগ উদ্বেগজনক। তাই নিয়োগকর্তা, ভিসা, কাজের ধরন ও বেতন যাচাই করতে হবে। তবে বৈধ ও নিরাপদ বেসামরিক কর্মসংস্থানের সুযোগ বন্ধ করার পক্ষে নয় দলটি।
ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পেয়েও বিএমইটির ছাড়পত্র পেতে হয়রানির অভিযোগ তুলে তিনি আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ এবং প্রত্যাখ্যানের কারণ লিখিতভাবে জানানোর দাবি জানান। পাশাপাশি পাসপোর্ট জটিলতা নিরসনে আগের বৈধ ডিজিটাল পাসপোর্টের তথ্যের ভিত্তিতে ই-পাসপোর্ট দেওয়ার বিশেষ সুযোগ চেয়েছে দলটি।
এবি পার্টির সাত দফা দাবির মধ্যে আরও রয়েছে অভিবাসন ব্যয়ের স্বচ্ছতা, ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণ, বিদেশে প্রতারণা ও মানবপাচারের শিকার কর্মীদের আইনি সহায়তা এবং দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করা। প্রবাসীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে কার্যকর ডিজিটাল ব্যবস্থাও চালুর দাবি জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার বলেন, প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।


