সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘তিনি এখন আমার বন্ধু’, সাবেক প্রেমিকাকে নিয়ে রাহুলের স্মৃতিচারণা | চ্যানেল খুলনা

‘তিনি এখন আমার বন্ধু’, সাবেক প্রেমিকাকে নিয়ে রাহুলের স্মৃতিচারণা

মায়ের স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের একটি বিরল অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী। একসময়কার প্রেমিকাকে নিয়ে যুক্তরাজ্যের ক্যামব্রিজের একটি রেস্তোরাঁয় যাওয়ার স্মৃতিচারণা করে তিনি জানান, ওই নারী এখন তাঁর বন্ধু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশনা অনুষ্ঠানে রাহুল গান্ধী ক্যামব্রিজের ভার্সিটি রেস্তোরাঁয় যাওয়ার একটি ঘটনা তুলে ধরেন। এই রেস্তোরাঁতেই ছাত্রজীবনে প্রথম দেখা হয়েছিল তাঁর বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর।

রাহুল জানান, বহু বছর আগে ক্যামব্রিজে থাকার সময় একদিন নিজের প্রেমিকাকে নিয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। খাবারের মেনু হাতে পাওয়ার পর সেখানকার এক কর্মীকে বলেছিলেন, এই রেস্তোরাঁতেই তাঁর মা-বাবার প্রথম দেখা হয়েছিল। জবাবে কর্মীটি তাঁদের চেনেন বলে জানান।

স্মৃতিচারণা করে রাহুল বলেন, ‘আমার মা-বাবাকে ঘিরে অনেক গল্প প্রচলিত ছিল। সেসবের অন্যতম ছিল ভার্সিটি রেস্তোরাঁয় তাঁদের প্রথম দেখা হওয়ার ঘটনা। অনেক বছর পর ক্যামব্রিজে গিয়ে প্রেমিকাকে বলেছিলাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই। আমি দেখতে চেয়েছিলাম, কোথায় আমার মা-বাবার প্রথম দেখা হয়েছিল।’

রেস্তোরাঁর কর্মীর সঙ্গে কথোপকথনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, এই রেস্তোরাঁতেই আমার মা-বাবার দেখা হয়েছিল। তখন কর্মীটি বললেন, ওহ, তাঁদের কথা! আমি তাঁদের চিনি। আমি জানতে চাইলাম, তাঁদের সম্পর্কে কী জানেন তিনি। জবাবে তিনি বললেন, ওই দুজনের কথা বলছেন? আমি ঠিকই জানি, আপনি কাদের কথা বলছেন।’

অনুষ্ঠানে রাহুলের কাছে ওই সময়ের প্রেমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সংক্ষেপে বলেন, ‘তিনি এখন আমার বন্ধু।’

অনুষ্ঠানে মায়ের ব্যক্তিগত জীবন ও ক্যানসারের সঙ্গে তাঁর দীর্ঘ লড়াই নিয়েও কথা বলেন রাহুল। তিনি জানান, সোনিয়া গান্ধী স্মৃতিকথায় নিজেকে দুবার বা তিনবার ক্যানসারজয়ী হিসেবে উল্লেখ করলেও বাস্তবে চারবার ক্যানসারকে পরাজিত করেছেন।

রাহুল বলেন, ‘এই বইয়ে আপনারা যে মাকে দেখছেন, তিনি বাবা মারা যাওয়ার আগের সময়ের মানুষ। তিনি নিজেকে দুবার, আবার কোথাও তিনবার ক্যানসার বিজয়ী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিনি চারবার ক্যানসারকে পরাজিত করেছেন। তিনি সবকিছুই ছোট করে দেখান। আমার জীবনে একবারও তাঁকে ভীত হতে দেখিনি। কখনো তাঁকে পিছিয়ে আসতেও দেখিনি।’

বক্তব্যের একপর্যায়ে প্রয়াত বাবা রাজীব গান্ধীর কথাও স্মরণ করেন রাহুল। তিনি বলেন, তাঁর বাবা ও মা উপস্থিত ব্যক্তিদের ভালোবাসতেন। রাজীব গান্ধী বেঁচে থাকলে সোনিয়া গান্ধীকে নিয়ে কতটা গর্বিত হতেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনুষ্ঠানে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, অনুষ্ঠানে ১৯৯১ সালে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর পরিবারের কঠিন সময়ের স্মৃতিচারণা করেন সোনিয়া গান্ধী। তিনি জানান, বাবার মৃত্যুর কয়েক মাস পর উচ্চশিক্ষার জন্য রাহুলকে বিদেশে যেতে হয়েছিল। নিরাপত্তাজনিত কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে রাহুলের নিরাপত্তারক্ষীদের অবস্থানের অনুমতি দেয়নি। কারণ, এতে অন্য শিক্ষার্থীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারত।

সোনিয়া গান্ধী বলেন, ওই পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে রাহুলকে দেশটির অন্য একটি কলেজে ভর্তির ব্যবস্থা করেন। সেখানে অধিকাংশ শিক্ষার্থীই ছিলেন আমেরিকান। নিজের প্রকৃত পরিচয় গোপন রাখতে রাহুলকে ভিন্ন নামে ভর্তি হতে হয়েছিল।

সোনিয়ার ভাষ্য, ওই সময়টি রাহুলের জন্য অত্যন্ত কঠিন ছিল। নিজের পরিবার সম্পর্কে কাউকে কিছু বলতে না পারায় বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা কিংবা তাঁদের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা

মালয়েশিয়ায় অভিযানে খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই, আটক ৩৪

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, আপত্তি আইজেনকোটের

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।