
প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে চার ঘণ্টা অবস্থান করেন ভারতের উত্তরপ্রদেশের এক তরুণী। পরে ভিডিও কলের মাধ্যমে প্রেমিকের সঙ্গে নিকাহ সম্পন্ন হওয়ার পর তিনি টাওয়ার থেকে নেমে আসেন।
সোমবার উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯ বছর বয়সী ওই তরুণীর নাম সাহিবা বেগম মেহেক। তাঁর প্রেমিকের নাম নুরুদ্দিন, বয়স ২৫ বছর। দুজনের বাড়ি একই গ্রামে হলেও কাজের সূত্রে বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন নুরুদ্দিন।
প্রতিবেদন অনুযায়ী, মেহেক ও নুরুদ্দিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা বিয়ে করতে চাইলেও দুই পরিবারের পক্ষ থেকে এ সম্পর্ক মেনে নেওয়া হচ্ছিল না। সোমবার এ বিষয় নিয়ে মায়ের সঙ্গে মেহেকের কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরই তিনি গ্রামের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন। পরিবারের পক্ষ থেকে নুরুদ্দিনকে বিয়ের অনুমতি না দেওয়া পর্যন্ত নিচে নামবেন না বলে জানিয়ে দেন।
এ সময় নুরুদ্দিন প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে কর্মস্থলে ছিলেন। মেহেকের এমন অবস্থানের খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, গ্রামবাসী ও পুলিশ ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা তাঁকে নিরাপদে নিচে নেমে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন। তবে কারও কথায় রাজি হননি তিনি। দাবি পূরণ না হলে টাওয়ার থেকে লাফ দেওয়ার হুমকিও দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নারী পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে নুরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে দুই পরিবারের বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, পরে নুরুদ্দিনকে ভিডিও কল করা হয়। সেই ভিডিও কলেই স্থানীয় এক মৌলবি মেহেক ও নুরুদ্দিনের নিকাহ সম্পন্ন করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর টাওয়ার থেকে নেমে আসতে সম্মতি দেন মেহেক। পরে নারী পুলিশ সদস্যরা তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
ঘটনার পর পুলিশ মেহেক ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে কাউন্সেলিং করে। পরে তাঁকে মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস, জিও নিউজ।


