
জাতীয় সংসদে বসেই মোবাইল ফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। গত আট থেকে ১০ দিন ধরে তিনি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন। সম্প্রতি এসব হুমকির মাত্রা বেড়েছে বলেও দাবি তাঁর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাহমুদা মিতু বলেন, দেশে ককটেল হামলা ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা শুরুর পর থেকে তাঁকে হুমকি দেওয়ার ঘটনা বেড়েছে। শুরুতে বিষয়টি গুরুত্ব দেননি। তবে গত দুই দিন ধরে সংসদে প্রতিদিন সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র ফোন করে বিকৃত ভাষায় তাঁকে হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছে।
ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখছেন না এই সংসদ সদস্য। তাঁর মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হচ্ছে। এর ফলে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও হুমকির মুখে পড়ছেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মাহমুদা মিতুর অভিযোগ, হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার বিষয়ও রয়েছে। ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তাঁর কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে বলেও জানান।
এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান মাহমুদা মিতু। তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সরকারকে এর জবাব চাইতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরুর দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এসব কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময়ে এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে জিডি করতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জাজনক। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদা মিতু। তাঁর কাছে থাকা নথির ভিত্তিতে ভারত সরকারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।


