
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অরাজকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপিও মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর চেষ্টা করছে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সব কর্মকাণ্ড অবৈধ। তাদের বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। কেউ যাতে নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সতর্ক রয়েছেন।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ, কোথাও যানবাহনে অগ্নিসংযোগ করা হচ্ছে। পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে এসব পরিস্থিতি সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের স্বার্থ ক্ষুণ্ন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সফল হবে না বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনে গণতন্ত্র এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যেও অতীতের মতো ভবিষ্যতেও সব বাধা মোকাবিলা করে দল এগিয়ে যাবে।
আমান উল্লাহ আমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি জীবন দিয়ে কাজ করবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘিরে সকাল থেকেই সমাধিস্থল ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে তাঁরা সেখানে জড়ো হন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব এস এম জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


