সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড | চ্যানেল খুলনা

বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে সাবেক মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ১৬ বছর বয়সী ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার দায়ে লিমন মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক দুটি ধারায় তাঁকে ১০ বছর করে কারাদণ্ড এবং মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের এইচ এম সোলায়মান হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে তাওসিফ ও তাঁর মা তাসমিন নাহারকে ছুরিকাঘাত করেন লিমন। ঘটনার সময় তাওসিফের বাবা মোহাম্মদ আবদুর রহমান রাজশাহী মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি বাসায় ছিলেন না।

অভিযোগ অনুযায়ী, ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেছিলেন লিমন। ওই সময় বাসায় তাওসিফ ও তাঁর মা ছাড়া আর কেউ ছিলেন না। ছুরিকাঘাতের পর তাওসিফের রক্ত নিজের শরীরে মেখে আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি।

পরে পুলিশ তাওসিফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন তাওসিফের বাবা আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

লিমন গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ২০১৮ সালে চাকরি ছেড়ে বাড়ি ফিরে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে ৩২ জনকে সাক্ষী করেন। বিচার চলাকালে আদালতে তাওসিফের বাবা আবদুর রহমান ও মা তাসমিন নাহারসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, আসামি মানসিকভাবে সুস্থ কি না, তা নিশ্চিত হতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা যায়। পরিকল্পিতভাবে তাওসিফকে হত্যা এবং তাঁর মাকে আহত করা হয়েছিল।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, তাঁরা রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

অক্টোবরে গণপিটুনিতে নিহত ৩২, ঘটনা ৬৪টি

বরিশালে শিশু চুরি করে বিক্রির অভিযোগে স্কুল শিক্ষিকাসহ তিনজন কারাগারে

পাসের হারে ঢাকা শীর্ষে, পিছিয়ে খুলনা অঞ্চলের যশোর ও বরিশাল বোর্ড

ঠাকুরগাঁও-১ আসনে ভুয়া ভোটের চেষ্টায় মাদ্রাসার ৩ শিক্ষার্থী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।