সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর | চ্যানেল খুলনা

ঋণ নয়, অনুদান চান তারেক রহমান; কপ৩১-এ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব

জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে ধনী দেশগুলোকে অনুদান দেওয়ার পাশাপাশি ঋণ-ত্রাণের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম জোরদারে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু অর্থায়ন, ঋণ-ন্যায্যতা, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং ন্যায়সংগত রূপান্তর ছিল তাঁর প্রস্তাবগুলোর মূল বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব থেকে মানুষ ও অর্থনীতিকে রক্ষা করতে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন পূর্বানুমেয়, সহজলভ্য ও সাশ্রয়ী অর্থায়ন।

পাঁচ প্রস্তাব

প্রধানমন্ত্রীর পাঁচটি প্রস্তাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ করা। ঋণ-ত্রাণের ব্যবস্থা গ্রহণ, যার মধ্যে থাকবে ‘ডেবট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা ঋণের বিনিময়ে জলবায়ু বিনিয়োগ এবং ‘জলবায়ু-সহনশীল ঋণচুক্তির ধারা’। জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায়সংগত প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা। সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সহায়তা দেওয়া। পাশাপাশি কপ৩১-এ ন্যায়সংগত রূপান্তরের জন্য ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।

তারেক রহমান বলেন, জলবায়ু অর্থায়ন যেন উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা আরও না বাড়ায়। জলবায়ু সংকটের জন্য যেসব দেশের দায় সবচেয়ে কম, অথচ ক্ষতির মুখে তারাই বেশি, তাদের বাস্তবতা বিবেচনায় নিয়ে আরও ন্যায্য আর্থিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও লবণাক্ততার মতো জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকিতে দেশটি সামনের সারিতে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রমে তাৎক্ষণিক ঝুঁকির পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়নের প্রয়োজনও বিবেচনায় রাখতে হবে। জীবিকা রক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে যেসব দেশ জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়তে চায়, তাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন তিনি।

বাংলাদেশের নিজস্ব কর্মপরিকল্পনা

বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়তে চায় বলে জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সরকারের নীতিগত অবস্থান ‘সবার আগে বাংলাদেশ’ (বাংলাদেশ বিফোর অল)।

নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যের কথা বলেন তিনি। এ ছাড়া ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলা এবং এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে কর-প্রণোদনা দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাড়ানো, সবুজ শিল্পের প্রসার, বৈদ্যুতিক যানবাহনে উৎসাহ এবং পাটের ব্যাগসহ পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সহায়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। অর্থায়নের সংস্থান ও জলবায়ু কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে কার্বন বাণিজ্য কাঠামোর কথাও উল্লেখ করেন তিনি।

প্রকৃতিভিত্তিক সমাধানের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পানি ব্যবস্থাপনা উন্নত করে জলবায়ু সহনশীলতা বাড়াতে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এ ছাড়া পদ্মা ও তিস্তা নদী ব্যবস্থা এবং উপকূলের জেগে ওঠা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃস্থাপনের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

নারী ও তরুণদের অংশগ্রহণ

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, শ্রমিক ও জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করে পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগোতে হবে এবং মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান তৈরি করতে হবে।

ন্যায়সংগত রূপান্তর সফল করতে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়ন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও জ্বালানি রূপান্তরের কারণে ঝুঁকিতে থাকা শ্রমিক ও জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, কপ৩১ থেকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ ফল আসবে।

ভাষণের শেষে তিনি বলেন, ‘আসুন, আমরা প্রতিশ্রুতিকে কাজে রূপ দিই। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।