সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ | চ্যানেল খুলনা

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর অভিযোগ, জলবায়ু সংকট মোকাবিলার কথা বলা হলেও সম্মেলনগুলোতে এমন সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন, যারা পরিবেশ ধ্বংসের মাধ্যমে মুনাফা করছে। বিশ্বনেতাদের নিজেদের স্বার্থ ও ক্ষমতার হিসাব বাদ দিয়ে মানুষ ও পৃথিবীকে রক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছে এসব কথা বলেন গ্রেটা।

তিনি বলেন, প্রতিবছর এ সম্মেলন একধরনের ভণ্ডামিতে পরিণত হচ্ছে। আয়োজক দেশগুলো নিজেদের পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার সুযোগ পায়। অথচ সম্মেলনে এমন অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকেন, যারা বর্তমানের পরিবেশবিনাশী পরিস্থিতি থেকে মুনাফা অর্জন করছে।

গ্রেটার ভাষায়, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা মানুষ ও প্রকৃতির জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, ভয়াবহ বন্যাসহ জলবায়ুজনিত নানা দুর্যোগের মধ্যে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটও বৈশ্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সম্মেলনের যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া সৌরবিদ্যুৎসহ পরিবেশবান্ধব জ্বালানির প্রসার নিয়ে কথা বললেও বিদ্যুৎ উৎপাদনে দেশ দুটি এখনো কয়লার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। অন্যদিকে ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আজারবাইজানের মতো আগের সম্মেলন আয়োজক দেশগুলোরও বৈশ্বিক তেল বাণিজ্যে বড় ভূমিকা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি তুলে ধরে গ্রেটা বলেন, এতে মানুষের জীবন ও প্রয়োজনীয় সবকিছুই বড় ঝুঁকির মুখে পড়ছে। তাঁর অভিযোগ, ধনী ও ক্ষমতাবান অল্প কিছু মানুষের সীমাহীন মুনাফা ও ক্ষমতার লোভের কারণে সাধারণ মানুষ এবং পুরো পৃথিবী ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতি বন্ধ করে মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন।

২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে এককভাবে পরিবেশ রক্ষার দাবিতে ধর্মঘট শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬-এর পর এবারই প্রথম কোনো জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। গ্লাসগো সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে তিনি ‘ফাঁকা বুলি’ বলে সমালোচনা করেছিলেন।

পরিবেশ আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলন এবং সম্প্রতি ফরাসি শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতেও সরব হয়েছেন এই সুইডিশ অধিকারকর্মী।

আন্তালিয়ায় গ্রেটার উপস্থিতি তরুণ জলবায়ু আন্দোলনকারীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করেছে। সম্মেলনে অংশ নেওয়া তরুণ কর্মীরা উন্নত দেশগুলোর কাছে জলবায়ু তহবিলের অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

২৬ বছর বয়সী পরিবেশকর্মী আম্বার টার্নার মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, গ্রেটার উপস্থিতি তাঁদের আন্দোলনের শুরুর উদ্দেশ্য আবারও স্মরণ করিয়ে দেবে বলে তাঁরা আশা করছেন। বিশ্বনেতাদের জবাবদিহির আওতায় আনা এবং সবার জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তাঁদের আন্দোলনের লক্ষ্য।

সিঙ্গাপুরের তরুণ পরিবেশকর্মী কিইয়ুন উ বলেন, গ্রেটার উপস্থিতি নতুন প্রজন্মের দাবিগুলো বিশ্বনেতাদের সামনে আরও জোরালোভাবে তুলে ধরতে সহায়তা করবে।

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। পরবর্তী কপ-৩২ সম্মেলন ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: এপি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

জর্জিয়া স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি : জয়সওয়াল

কাতারের বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়, দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে যা জানা গেল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।