
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি।
সোহেল রানা লেখেন, একাত্তরের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, আগের কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়ার পর মানিক পশারীর মেয়ে হারিকেনের আলোয় নিজ হাতে মাটি খুঁড়ে বাবার কবর তৈরি করেন।
ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে সোহেল রানা লেখেন, ‘স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি নাকি বর্তমানে সরকার পরিচালনা করছে। কোন আলামত তো দেখা গেল না যারা বাধা দিয়েছিল তাদেরকে সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল। সরকারের কাছে এর সঠিক জবাব চাই।’
মুক্তিযোদ্ধাদের প্রতি এমন আচরণে কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাঁরা ব্যর্থ হয়েছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
পোস্টের শেষাংশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জেগে ওঠার আহ্বান জানিয়ে সোহেল রানা লেখেন, ‘না ফেরার দেশে চলে যাওয়ার আগে এমন সংবাদ আমার মতো অন্য মুক্তিযোদ্ধাদেরও রক্তক্ষরণ করে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সবাই জেগে ওঠো। এবার আর ক্ষমা নয়।’
উল্লেখ্য, মানিক পশারী শুক্রবার সকালে মারা যান। নানা বাধার কারণে মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পরও তাঁর দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে শনিবার গভীর রাতে পিরোজপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনকাজে পরিবারের নারী সদস্যরা অংশ নেন।


