
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নিয়ে শোবিজে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হলেও বিষয়টিকে উড়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী।
এ বিষয়ে ফারুকী বলেন, তাঁকে নিয়ে আগে থেকেই নানা ধরনের অপপ্রচার ও মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এখন ব্যক্তিগত আক্রমণও করা হচ্ছে। এসব নিয়ে কথা বলে গুঞ্জনকে আরও প্রশ্রয় দিতে চান না তিনি। এ বিষয়ে তিনি বা তিশা কেউই মন্তব্য করতে চান না বলেও জানান। বরং নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানান এই নির্মাতা।
কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারুকী। গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া যান তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। ১৭ অক্টোবর দেশে ফিরে নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করেন। এর আগে একটি বিজ্ঞাপনচিত্রের কাজও শেষ করেছেন তিনি।
ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতের এবং দুটি নির্মাণসামগ্রী-সংক্রান্ত। একটি বিজ্ঞাপনের শুটিং ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় হয়েছে। পাশাপাশি একটি সিনেমার গল্প লেখা শেষ করে নতুন আরেকটি সিনেমার গল্প নিয়ে কাজ শুরু করেছেন তিনি।
এদিকে তিশাও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক প্রকাশিত হয়েছে।
তিশার নতুন কাজের বিষয়ে ফারুকী জানান, একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে। তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানাতে চান না তিনি।
কাজের সূত্রেই ফারুকী ও তিশার পরিচয়। পরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। পাঁচ বছরের প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।


