
সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে চট্টগ্রামের বিভিন্ন জেলার মানুষকে জান্নাতে যাওয়ার ক্রম নিয়ে বক্তব্য দিতে শোনা যায়।
ভিডিওতে আতাউল বারীকে বলতে শোনা যায়, রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। এর কারণ হিসেবে তিনি বলেন, রাউজানে ৯০ শতাংশ মানুষ সুন্নি এবং ৯০ শতাংশ মানুষ ‘আশেকে রাসুল’। এরপর রাঙ্গুনিয়া, হাটহাজারী, বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার মানুষের কথা উল্লেখ করেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, এভাবে পর্যায়ক্রমে পুরো চট্টগ্রামের মানুষকে আল্লাহ জান্নাত দেওয়ার পর অন্য জেলার মানুষ জান্নাতে যাবে। তার ভাষ্য, চট্টগ্রাম হচ্ছে ‘সুন্নিয়তের ক্যান্টনমেন্ট’, যেখানে ৯০ শতাংশ মানুষ সুন্নি ও ‘আশেকে রাসুল’।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আতাউল বারী হাদিসে বর্ণিত ৭৩ দলের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, কেয়ামতের আগে ৭৩টি দল হবে এবং এর মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে, আর একটি দল জান্নাতে যাবে। তার বক্তব্য অনুযায়ী, সেই দল হলো ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’।
ভিডিওর শেষ দিকে তাকে বলতে শোনা যায়, “জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান। নামের আগে সুন্নি লাগিয়ে দেন।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ভিত্তিহীন বা মনগড়া দাবি হিসেবে উল্লেখ করেছেন। আবার অনেকে বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে হাস্যরসও করছেন।
মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার স্থানীয় বক্তা ও শায়ের হিসেবে পরিচিত।


