
খুলনায় চিহ্নিত সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশের’ বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর লবণচরা ও সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড় এলাকায় অভিযানটি চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি খুলনায় এসে চিংড়ি পলাশের ২২ নম্বর বাড়িতে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। খুলনা মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল বাড়িটিতে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় যশোর কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক রিফাত যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে।
খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিফাত তালুকদারের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।গুলি।


