
খুলনায় তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে এসওএস চিলড্রেনস ভিলেজেসের ‘জাগরণ’ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) খুলনায় প্রকল্পটির জেলা পর্যায়ের উদ্বোধনী ও সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। এসওএস চিলড্রেনস ভিলেজ খুলনার সোশ্যাল সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্প ও কর্মসংস্থান সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সাংবাদিক, ইয়ুথ ভলান্টিয়ার এবং এসওএস চিলড্রেনস ভিলেজেসের কর্মকর্তারা অংশ নেন।
জাগরণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জাহিদুর রহমান খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন এসওএস চিলড্রেনস ভিলেজ খুলনার প্রোগ্রাম ম্যানেজার (ফিল্ড) মাকসুদা সুলতানা। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন কনসোর্টিয়াম ম্যানেজার মাহমুদ মিনার। পরে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের উপ-পরিচালক (আইপিডি) ইরফান হক।
মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক এস এম ফারুক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার এবং খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশের পরিচালক (উইমেন অ্যান্ড ইয়ুথ) রওনক জাহান, জাগরণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নাঈম হাসান, অ্যাডভোকেসি অ্যান্ড ওয়াইএলও স্পেশালিস্ট মোঃ বেলায়েত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বদিউজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া সিদ্দিকী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকবাল হোসাইন এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম-সচিব সুবর্ণা হাসানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ও কেয়ার বাংলাদেশ যৌথভাবে ‘জাগরণ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির অর্থায়ন করছে এসওএস চিলড্রেনস ভিলেজেস ওয়ার্ল্ডওয়াইড ইভি। খুলনা ও গাজীপুর অঞ্চলের প্রায় ১২ হাজার তরুণ-তরুণীকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অংশগ্রহণকারীদের বয়স হবে ১৮ থেকে ৩৫ বছর। তাদের মধ্যে অন্তত ৫০ শতাংশ নারী থাকবেন এবং ঝুঁকিপূর্ণ ও বেকার তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রকল্পের আওতায় তরুণদের কর্মমুখী দক্ষতার ঘাটতি, সীমিত চাকরির সুযোগ এবং আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি, ডিজিটাল ও টেকসই দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষানবিশ কার্যক্রম এবং উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া তরুণদের নেতৃত্বাধীন সংগঠনগুলোকে শক্তিশালী করা, তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ তহবিল গঠন এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক নিয়োগ ও নীতিগত সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
আয়োজকেরা আশা করছেন, ‘জাগরণ’ প্রকল্পের মাধ্যমে তরুণদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বাড়বে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের টেকসই উন্নয়নে তরুণদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রকল্পটি ভূমিকা রাখবে।


