
খুলনা নগরীর শিববাড়ী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালো কালি লেপন এবং রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি ঘটনাটিকে অসম্মানজনক ও বিদ্বেষমূলক আখ্যা দিয়ে সেখানে নতুন করে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিকৃত করা দেয়ালচিত্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কেসিসি প্রশাসক।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে খুলনার ঐতিহ্য, উন্নয়ন এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও স্থান পেয়েছিল। কিন্তু কে বা কারা তাঁর প্রতিকৃতিতে কালো কালি লেপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।
তিনি বলেন, মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। তবে মত প্রকাশের নামে এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়, যা অন্যকে অসম্মান করে বা সমাজে বিদ্বেষ ছড়ায়। কেসিসির দেয়ালচিত্রগুলো নগরীর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি খুলনার ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় তুলে ধরছে। এ উদ্যোগ নগরবাসীর মধ্যেও ইতিবাচক সাড়া জাগিয়েছে।
কেসিসি প্রশাসক আরও বলেন, একটি ছবি মুছে দিয়ে কোনো ব্যক্তির অবদান বা পরিচয় অস্বীকার করা যায় না। যারা এ কাজ করেছেন, তাঁদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের প্রত্যয়ের কথা উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ধর্মীয় বিদ্বেষমুক্ত এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়—এমন বাংলাদেশ গড়ে তুলতে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা জরুরি।
ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেয়ালচিত্র বিকৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশকে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেটিই তাঁদের প্রত্যাশা।
এর আগে প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকে কেসিসি। তবে শিববাড়ী মোড়ের দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যসংবলিত পোস্টার সাঁটানো হয়। পোস্টারগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা ছিল। তবে কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি কাজী নজরুল ইসলাম, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে। কেসিসির সৌন্দর্যবর্ধন উদ্যোগ নগরবাসীর প্রশংসা পেলেও রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির ঘটনায় নগরীতে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ কারণে কারা বা কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর শুরু করেছে।


