
খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোনাডাঙ্গায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করেন তারা। এরপর দুপুরের পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় শিক্ষকরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
অবরোধের কারণে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১টার পর কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ বলেন, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের একাধিক অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের আশ্বাস দেন তিনি।
পুলিশের এই আশ্বাসের পর শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।


