
ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। হঠাৎ করে ধারাবাহিকটি ছেড়ে দেওয়ায় টলিপাড়ায় আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
তবে কেন ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অহনা। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, একান্ত ব্যক্তিগত কারণেই মেগা থেকে সরে দাঁড়িয়েছেন। সময় হলে বিষয়টি বিস্তারিত জানাবেন বলেও জানান পর্দার ‘কুন্তলিনী’।
অন্যদিকে, সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ ও শিল্পীদের প্রতি আচরণ নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন অহনা। টলিপাড়ার কাজের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অভিনয় অন্য অনেক পেশার মতো নয়। দীর্ঘ সময় ধরে কাজ করলেও একজন শিল্পীকে মানসিক ও সৃজনশীলভাবে নানা বিষয় সামলাতে হয়।
অহনা বলেন, ‘আমি তো এখানে চাষ করতে আসিনি যে, তুমি আমাকে সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি নিয়ে রেখেছ। বিষয় এমন নয় যে, চাষ করলাম, তারপর নিজের মতো বাড়িতে চলে গেলাম।’
কাজ হারানোর আশঙ্কায় অনেক শিল্পী ইন্ডাস্ট্রির অনিয়ম ও অতিরিক্ত চাপ মেনে নেন বলেও মন্তব্য করেন তিনি। এই মানসিকতার সমালোচনা করে অহনা বলেন, ‘আমি স্লেভারিতে (দাসত্ব) বিশ্বাস করি না, আমি আর্টিস্টিক মানসিকতায় বিশ্বাস করি।’
একটি দৃশ্য পর্দায় স্বাভাবিকভাবে তুলে ধরার পেছনে একজন শিল্পীকে কতটা মানসিক ও সৃজনশীল পরিশ্রম করতে হয়, সেটিও ব্যাখ্যা করেছেন অহনা। তার ভাষায়, ক্যামেরার অবস্থান, বড় সংলাপ মুখস্থ রাখা, সঠিক সময়ে তা উপস্থাপন করা এবং পরিচালকের নির্দেশনা মেনে চলা—সবকিছু একসঙ্গে সামলে একটি দৃশ্যকে পর্দায় ফুটিয়ে তুলতে হয়।
শিল্পীদের ওপর প্রতিশ্রুতির নামে অন্যায় বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। তার মতে, কঠিন পরিশ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান না পেলে শিল্পীদের অবস্থান নেওয়া স্বাভাবিক।
তবে ধারাবাহিক ছেড়ে দিলেও অভিনয় থেকে পাকাপাকিভাবে সরে যাচ্ছেন না অহনা। আপাতত নিয়মিত ধারাবাহিকের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে ভিন্ন ধরনের কাজের অপেক্ষায় রয়েছেন তিনি। অহনা বলেন, ‘নিজের বেশ কিছু ব্র্যান্ডের প্রচার করছি। আর একটু অন্য ধরনের কাজের অপেক্ষা করছি।’
ড্যান্স রিয়েলিটি শোর মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান অহনা দত্ত। পরে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় খলনায়িকা ‘মিশকা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাট্যজগতে তার যাত্রা শুরু হয়। জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ছিল তার দ্বিতীয় ধারাবাহিকের কাজ।


