
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে ঢাকায় মরিয়ম বেগমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় তাঁর গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
এদিকে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই বললেই চলে। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
পপির পুরো নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়ে বিনোদনজগতে পরিচিতি পান।
১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পপি। ‘আমার ঘর আমার বেহেশত’ তাঁর অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘কুলি’ ছিল তাঁর প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের পর দ্রুতই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানের মতো জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন পপি। বিশেষ করে শাকিল খানের সঙ্গে তাঁর জুটি একসময় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।


