
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি তাইওয়ান সফরের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা, এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। আমন্ত্রিতদের এই তালিকায় একজন এনজিওকর্মী রয়েছেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আমন্ত্রিতদের মধ্যে দুজন জানিয়েছেন, তাঁরা তাইওয়ানে অনুষ্ঠিতব্য আইআরআইয়ের কর্মশালায় যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে বাংলাদেশের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় এবং ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়ায় তাঁদের সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
আইআরআইয়ের আমন্ত্রণপত্র অনুযায়ী, ‘বিদেশি কর্তৃত্ববাদী প্রভাব মোকাবিলায় গণতান্ত্রিক স্থিতিস্থাপকতার জন্য নীতিমালা প্রণয়ন’ শীর্ষক এশিয়া আঞ্চলিক কর্মশালা আগামী ১৪ ও ১৫ জুলাই তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। কর্মশালার লক্ষ্য বিদেশি কর্তৃত্ববাদী প্রভাব মোকাবিলায় গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা জোরদার করা এবং এ বিষয়ে আইন, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব তৈরিতে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করা। আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের ভ্রমণ, আবাসন, খাবার ও আনুষঙ্গিক ব্যয় আইআরআই বহন করবে।


