
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নাতির ছুরিকাঘাতে ফিরোজা বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল করিম (৭০) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল করিমকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের ভাষ্য, নাতি শাকিল মিয়া (৩২) নেশার জন্য ফিরোজা বেগমের কাছে টাকা চান। টাকা না পেয়ে তিনি ছুরি দিয়ে ফিরোজা বেগমকে আঘাত করেন। আব্দুল করিম ঠেকাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়।
ঘটনাস্থলেই ফিরোজা বেগম মারা যান। গুরুতর আহত আব্দুল করিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসী শাকিল মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে সাঘাটা থানা পুলিশ তাকে থানা হেফাজতে নেয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নেশার টাকার দাবি পূরণ না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি থানায় আটক আছেন। পরে আরও বিস্তারিত জানানো হবে।


