
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহাঙ্গীর আলম জনি (৪১) নামে এক ব্যক্তিকে গলা কেটে ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে ফতুল্লার দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি গলির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম জনি ঢাকার কদমতলী থানার ঢালকানগর বৈশাখী হাউজিং এলাকার বাসিন্দা। তিনি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে ফারজানা আক্তার মুন্নিকে বিয়ে করেন জনি। তাদের সংসারে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি ও ছুরি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোববার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ানো হয়। পরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াজনিত দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


