
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসনিক সেবার ডিজিটালাইজেশন, অটোমেশন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ‘ইনোভেটিভ আইডিয়াসমূহের প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ১০১ নম্বর কক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সেবাই একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের প্রধান চালিকাশক্তি। কুয়েটকে স্মার্ট, শিক্ষার্থীবান্ধব এবং গবেষণাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে প্রশাসনিক সেবার ডিজিটাল রূপান্তরের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। আজকের উদ্ভাবনী ধারণাগুলোর মধ্য থেকেই ভবিষ্যতে কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে ৩০ জন অংশগ্রহণকারী তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। উপস্থাপিত ধারণাগুলোর মধ্যে প্রশাসনিক কার্যক্রমের ডিজিটালাইজেশন, সেবাপ্রদান পদ্ধতির আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অটোমেশন এবং সেবার সহজীকরণসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব স্থান পায়।
জমাকৃত আইডিয়াগুলো বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হবে। মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরা উদ্ভাবনী ধারণাগুলোর জন্য আগামী ৩০ জুন পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর ও শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এ ধরনের উদ্যোগ কুয়েটে সৃজনশীলতা ও উদ্ভাবনের সংস্কৃতি আরও বিকশিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের সেবাসমূহকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।


