
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উৎসবমুখর পরিবেশে ‘আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা–২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আন্তঃহল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে। কুয়েট সবসময়ই শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ক্যারম, টেবিল টেনিস ও দাবা—এই তিনটি ইভেন্টে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।
দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং রানার-আপ লালন শাহ হল। এ ইভেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন শহীদ স্মৃতি হলের মোঃ আবু লোমান হোসাইন শুভ (২০ ব্যাচ) এবং ‘উদীয়মান খেলোয়াড়’ হিসেবে স্বীকৃতি পান লালন শাহ হলের করণ জয় কুন্ডু (২৪ ব্যাচ)।
ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অমর একুশে হল এবং রানার-আপ খানজাহান আলী হল। এ ইভেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হন অমর একুশে হলের বিপ্রজিৎ রায় (২২ ব্যাচ)।
অন্যদিকে, টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং রানার-আপ ফজলুল হক হল। এ ইভেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন শহীদ স্মৃতি হলের মোঃ ফয়জুল হক ইভান (১৯ ব্যাচ) এবং ‘উদীয়মান খেলোয়াড়’ হিসেবে স্বীকৃতি পান একই হলের হাসিবুল হোসাইন জানিন (২৩ ব্যাচ)।
ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল আলম, সহকারী পরিচালক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ্, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক মোঃ হেলাল ফকির এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ রায়হানুল ইসলাম। সমগ্র আয়োজনটি অংশগ্রহণকারী ও উপস্থিত সকলের মাঝে উৎসাহ-উদ্দীপনার এক উজ্জ্বল আবহ সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চার গুরুত্বকে আরও সুদৃঢ় করে তোলে।
উল্লেখ্য, গত ০৩ মে রবিবার স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ‘আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা–২০২৬’-এর শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. মোঃ হাসান আলী, পরিচালক (ছাত্র কল্যাণ)। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, ছাত্র কল্যাণ দপ্তরের উপ -পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল আলম, সহকারী পরিচালক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ্, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্র কল্যাণ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


