
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম বিশেষ সভার সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর সংশ্লিষ্ট ধারার ভিত্তিতে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের সময় অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। তারা নতুন ডীনকে অভিনন্দন জানান এবং অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তার সাফল্য কামনা করেন।
দায়িত্ব গ্রহণ শেষে প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, তিনি এর আগে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, একাধিকবার রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


