
স্বামী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। তার মধ্যেই ফের কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার তিনি যোগ দিয়েছেন পরিচালক শমীক রায় চৌধুরীর নতুন ওয়েব সিরিজ় ‘তারকাঁটা’র শুটিংয়ে।
এই সিরিজের মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। গল্পটি মূলত তাকে ঘিরেই আবর্তিত, যেখানে তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সিরিজটির শুটিংয়ের আর মাত্র কয়েক দিন বাকি। ১০, ১১ এবং ১৩ এপ্রিল—এই তিন দিন শুটিংয়ের সূচি নির্ধারিত রয়েছে। তার মধ্যে ১০ এপ্রিলের শুটিংয়ে এরই মধ্যে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। বাকি দিনগুলোতে তিনি অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। শুটিং চলছে কলকাতার বেহালা সংলগ্ন একটি এলাকায়।
শুটিং শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন পরিচালক নিজেই, যদিও তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। অন্যদিকে, এ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন অভিনেতা দেবেশ রায়চৌধুরী এবং আয়ুশ দাসও, যারা সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কার স্বামী, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে টলিউড। গত ২৯ মার্চ, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিং করতে গিয়ে তালসারিতে সমুদ্রে তলিয়ে যান তিনি।
স্বামীর মৃত্যুর পর আইনি প্রক্রিয়াও শুরু করেছেন প্রিয়াঙ্কা। কলকাতা এবং তালসারিতে পৃথকভাবে অভিযোগ করা হয়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে এক বার্তায় তিনি জানান, রাহুলের অকাল প্রয়াণ যেন শুধুই শোকের স্মৃতি হয়ে না থেকে বৃহত্তর কোনো পরিবর্তনের সূচনা ঘটায়। সব প্রতিকূলতা সত্ত্বেও শোককে সঙ্গী করেই আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন প্রিয়াঙ্কা।


