
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে দেশে ফেরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে কার্যকর বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এ করিডোর নিয়ে বাংলাদেশ কোনো ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না। এটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।
এই আঞ্চলিক উদ্যোগে যুক্ত হতে বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তবে করিডোর বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।
চীনা প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এ সফরের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।


