
চলমান বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক যুবক। একই সঙ্গে তিনি অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
বুধবার (৮ জুলাই) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ নিয়ে যান সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২)।
অভিযোগে রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের বিশ্বকাপ ম্যাচ দেখার সময় তিনি লক্ষ্য করেন, ম্যাচের রেফারি ইচ্ছাকৃতভাবে এক দলের পক্ষে একাধিক সিদ্ধান্ত দিয়েছেন। তার অভিযোগ, অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
তিনি অভিযোগপত্রে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এসব সিদ্ধান্তের কারণে তিনি এবং মিসরের সমর্থকরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রাকিব জানান, ম্যাচটি দেখার পর তিনি এবং তার সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এক ব্যক্তি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন। তবে ঘটনাটি বাংলাদেশের বিচারিক এখতিয়ারের বাইরে হওয়ায় থানায় অভিযোগ গ্রহণ করা সম্ভব হয়নি। তাকে জানানো হয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চাইলে আন্তর্জাতিক আদালতের সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।”


