
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খুলনায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা ফ্রন্ট এবং মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা অংশ নেন।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা এবং সিসি ক্যামেরা ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসব বিষয়ে তাদের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেন।
পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেএমপি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত কেএমপি কন্ট্রোল রুম, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানাতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান; খুলনা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এনএসআই ও ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ বিভাগ ও খুলনা সিটি করপোরেশনের প্রতিনিধিরা এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।


