
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়াতে ভোটাধিকারবিহীন নতুন ধরনের শেয়ার চালুর পরিকল্পনা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এসব শেয়ারধারী কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে ভোট দিতে পারবেন না। তবে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে বিদ্যমান শেয়ারধারীদের ভোটাধিকার অক্ষুণ্ন রেখেই মূলধন সংগ্রহ করতে পারবে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।
বুধবার (২১ অক্টোবর) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় নতুন শেয়ার চালুর পরিকল্পনার কথা জানায় মেটা। এর আগে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে এ ধরনের শেয়ার ছাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল।
মেটার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সুসান লি জানান, নতুন শ্রেণির ভোটাধিকারবিহীন মূলধনি শেয়ার তৈরি করে তা বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে। পরবর্তী সময়ে এসব শেয়ার শেয়ারবাজারে লেনদেনযোগ্য হবে।
নতুন শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ কর্মীদের পারিশ্রমিক, অন্য প্রতিষ্ঠান অধিগ্রহণ এবং সাধারণ করপোরেট কার্যক্রমে ব্যবহার করা যাবে। একই সঙ্গে কোম্পানির বর্তমান পরিচালনাকাঠামো ও প্রতিষ্ঠাতার নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হবে।
এআই বিনিয়োগে বাড়ছে ব্যয়
মেটা বিভিন্ন এআই মডেল, ব্যক্তিগত এআই সহকারী এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য নতুন প্রযুক্তি তৈরিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। এ বিনিয়োগের অর্থ জোগাতেই নতুন মূলধন সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মেটার আয় হয়েছে ৬৪ বিলিয়ন বা ৬ হাজার ৪০০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। তবে এ সময়ে কোম্পানিটির ব্যয় বেড়েছে ৬৮ শতাংশ।
এদিকে ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমা ও সংশ্লিষ্ট সফটওয়্যার নিয়ে কাজ করা মেটার রিয়েলিটি ল্যাবস বিভাগ এখনো লোকসানে রয়েছে। তবে ২০২৬ সালে এ বিভাগের লোকসান কমে ১৮ থেকে ১৯ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
এআই পণ্যে অগ্রগতি, সামনে আইনি চ্যালেঞ্জ
মেটার সাম্প্রতিক এআই উদ্যোগের মধ্যে রয়েছে মিউজ স্পার্ক, মিউজ গ্লিমার, মিউজ ওয়ান্ডার ও মিউজ স্পার্ক ওপেন মডেল। সফটওয়্যার নির্মাতাদের জন্য মিউজ কোড নামের কোডিং এজেন্টও চালু করেছে প্রতিষ্ঠানটি। মিউজ স্পার্ক ওপেন মডেলের মূল প্যারামিটার উন্মুক্ত থাকায় বাইরের নির্মাতারা এটি ব্যবহার ও নিজেদের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করতে পারবেন।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় দেড় মাসে ১ কোটির বেশি মানুষ মিউজের ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহার শুরু করেছেন। তাঁর দাবি, এআই সেবাটির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
তবে এআই ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি কিশোর-কিশোরীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আইনি ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখেও রয়েছে মেটা। যুক্তরাষ্ট্রে এ-সংক্রান্ত একাধিক মামলার বিচার আগামী কয়েক মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভোটাধিকারবিহীন শেয়ার চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে মেটা নতুন বিনিয়োগের অর্থ সংগ্রহের পাশাপাশি প্রতিষ্ঠাতা ও বর্তমান নিয়ন্ত্রণকারী শেয়ারধারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্ষুণ্ন রাখতে পারবে।


