সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এআই প্রতিষ্ঠান দেউলিয়া হলে ব্যক্তিগত তথ্যের কী হবে? | চ্যানেল খুলনা

এআই প্রতিষ্ঠান দেউলিয়া হলে ব্যক্তিগত তথ্যের কী হবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেন অনেক ব্যবহারকারী। সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব কিংবা মানসিক উদ্বেগের মতো সংবেদনশীল বিষয়ও ভাগ করে নেন কেউ কেউ। কিন্তু এসব তথ্য যেসব প্রতিষ্ঠানের কাছে জমা থাকে, সেগুলো বন্ধ হয়ে গেলে কী হবে? প্রতিষ্ঠান দেউলিয়া হলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। এআই চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ক্যারেক্টার ডট এআইয়ের দেউলিয়া হওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এনেছে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার প্রশ্ন। প্রতিষ্ঠানটির চ্যাটবটের সঙ্গে কয়েক কোটি মানুষ যোগাযোগ করেছেন। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। অনেকেই চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ক্যারেক্টার ডট এআইয়ের কিছু সম্পদ ২ কোটি ডলারে কিনতে সম্মত হয়েছে ডিজনি। তবে ওই চুক্তিতে ব্যবহারকারীদের তথ্য অন্তর্ভুক্ত নেই। কিন্তু আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চাইলে ব্যবহারকারীদের তথ্য অন্য ক্রেতার কাছে বিক্রি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এআই চ্যাটবটের সঙ্গে মানুষের কথোপকথন সাধারণ অনলাইন সেবার তুলনায় অনেক বেশি ব্যক্তিগত হতে পারে। যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের (ইপিক) এআই ও মানবাধিকারবিষয়ক কর্মসূচির পরিচালক ক্যালি শ্রোডার বলেন, ব্যক্তিত্বসম্পন্ন চ্যাটবটের সঙ্গে কথা বলার সময় মানুষ অনেক বেশি ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য প্রকাশ করে।

ঝুঁকিটি শুধু চ্যাটবট ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেকে কথোপকথনে বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্যও উল্লেখ করেন। ফলে যাঁরা কখনো ওই এআই সেবা ব্যবহার করেননি, তাঁদের তথ্যও অন্যের হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই খাতে বিপুল বিনিয়োগের কারণে অনেক প্রতিষ্ঠান শেষ পর্যন্ত লাভের মুখ দেখতে নাও পারে। ফলে খাতে মন্দা দেখা দিলে কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে কিংবা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হতে পারে। তখন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এসব প্রতিষ্ঠানের কাছে বিক্রিযোগ্য সম্পদে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

ক্যারেক্টার ডট এআইয়ের তথ্য বিক্রির ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। তবে দেশটিতে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আইনগত সীমাবদ্ধতা থাকায় এ ধরনের উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ক্যারেক্টার ডট এআইয়ের গোপনীয়তা নীতিমালায় বলা হয়েছে, ব্যবহারকারীদের তথ্য নতুন সুবিধা তৈরি, এআই মডেল প্রশিক্ষণ, অ্যালগরিদম উন্নয়ন ও বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রতিষ্ঠানটির তথ্য কিনে নেওয়া নতুন মালিকও এসব কাজে তা ব্যবহার করতে পারে।

প্রতিষ্ঠানটির চ্যাটবটের বিরুদ্ধে কিশোরদের ক্ষতিকর পরামর্শ দেওয়ার অভিযোগে একাধিক মামলাও হয়েছিল। একটি মামলায় অভিযোগ করা হয়, স্ক্রিন টাইম নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে তার মা-বাবাকে হত্যায় উৎসাহিত করেছিল চ্যাটবট। আরেক ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পেছনে চ্যাটবটের ভূমিকা থাকার অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি এসব মামলা নিষ্পত্তি করেছে বলে জানিয়েছে। পাশাপাশি কিশোরদের নিরাপত্তায় কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, এআই সেবায় ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিমালা জেনে নেওয়া উচিত। কোনো সেবা ব্যবহার বন্ধ করলে সম্ভব হলে সেখান থেকে নিজের তথ্য মুছে ফেলতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তার কাছে জমা থাকা তথ্য কোথায় যাবে বা কীভাবে ব্যবহৃত হবে, তা সব সময় ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

ইউটিউবে বিজ্ঞাপন থেকে আয় কঠিন হচ্ছে, বাড়ছে যোগ্যতার শর্ত

গ্রুপ চ্যাটে চার নতুন সুবিধা আনল হোয়াটসঅ্যাপ

জাকারবার্গের নিয়ন্ত্রণ অক্ষুণ্ন রেখে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার

চীনের বাজার ও বিনিয়োগ কাজে লাগাতে বাংলাদেশের সামনে নতুন সুযোগ

গুগলে যেসব ৫ বিষয়ে উত্তর খোঁজেন নারীরা

সেলুলার প্ল্যান ছাড়াই জরুরি সেবা পাওয়ার সুবিধা বন্ধ করছে গুগল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।