
নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী সাগর নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরিপুরের সোনামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক নয়মুল হাসান।
গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক নেত্রকোনার মদনে একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষকতার পাশাপাশি মসজিদে ইমামতিও করেন। তিনি উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটি স্বামী পরিত্যক্তা নারীর একমাত্র সন্তান। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত।


