
স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার (১০ মে) রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টার-এ দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “২০৩৬ সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি। তাই জোটগত সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে দল এককভাবেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।”
এনসিপি জানিয়েছে, সারা দেশে ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভা মিলিয়ে মোট ৮৩০টি ইউনিটে প্রার্থী বাছাইয়ের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়ে।
যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব
বোদা উপজেলা চেয়ারম্যান পদে শিশির আসাদ
দেবীগঞ্জ পৌর মেয়র পদে মাসুদ পারভেজ
রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম
ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে ইমরান চৌধুরী
এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সারজিস আলম জানান, অন্য রাজনৈতিক দল থেকেও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরা এনসিপির মনোনয়ন চাইতে পারবেন। তবে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত বা ফৌজদারি অপরাধে জড়িত কাউকে মনোনয়ন দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।


