
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ব্যর্থ।’
সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পর্ষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলা হলেও বাস্তবে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তাঁর দাবি, সরকার দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না এবং প্রশাসনের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে দখলবাণিজ্য চলছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরে তিনি বলেন, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর অভিযোগ, কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চললেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।
নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকার মতো রাজধানীতে রাতের বেলা তিন ঘণ্টা ধরে ভাঙচুর হবে, আর প্রশাসন সেখানে কিছুই করতে পারবে না—এটা হতে পারে না।’ এসব ঘটনায় সরকারি ও প্রশাসনিক মদদের অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি কোনো নথি উপস্থাপন করেননি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, সেখানে দেশের জনগণের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বিচার এবং চলমান অর্থনৈতিক সংকটের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। বরং বিএনপির নির্বাচনী ইশতেহার ও ফ্যামিলি কার্ড, খাল খননের মতো কর্মসূচি গুরুত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কার নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, সংবিধান সংশোধনের নামে সরকার সময়ক্ষেপণ করছে এবং সংস্কার প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে এনসিপি আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকার বা মন্ত্রীদের সমালোচনা করলেই গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ঘটছে এবং এনসিপির নেতা-কর্মীরাও এর শিকার হচ্ছেন। পুলিশ সংস্কার না হওয়ায় পদোন্নতি ও পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব রয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
দেশের জ্বালানি ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সংকটের পাশাপাশি তেলের দামও বাড়ানো হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের চাপ বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন সময়মতো আয়োজনের দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ‘নির্বাচন প্রকৌশল’-এর চেষ্টা হলে তা প্রতিহত করার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


