
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। গুমের সঙ্গে জড়িতদের ক্ষমতা বিবেচনা না করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গুম কোনো সাধারণ অপরাধ নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। গুমের কারণে শুধু একজন মানুষ নয়, তার পুরো পরিবার দীর্ঘদিন অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণা ভোগ করে।
গত দেড় দশকে গুম ও গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভিন্নমত ও রাজনৈতিক বিরোধীদের দমন করতে গুমের ঘটনা ঘটানো হয়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে ১ হাজার ৫৬৯টি ঘটনাকে সুনির্দিষ্টভাবে গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২৮৭ জন নিখোঁজ ও মৃত।
তিনি আরও বলেন, প্রতিশোধ নয়, প্রকৃত অপরাধীদের আইনানুগ শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর চিকিৎসা, শিক্ষা, জীবিকা, সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। আর কোনো মাকে সন্তানের জন্য, কোনো স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না।’


