
‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কলাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কী লাগে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন খুলনার স্থানীয় বাদাম বিক্রেতা রাজু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি।
সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যাওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পথ চলতে অনেকের সঙ্গে হাত মেলান তারেক রহমান। কারও মাথায় হাত বুলিয়ে দেন, আবার কারও সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’ পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে পেরে তার জীবন সার্থক হয়েছে।
সকাল ১০টা ৪৮ মিনিটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।
প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা রয়েছে। এরপর প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকাও ঘুরে দেখবেন তিনি।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।


