সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর করেন। তাঁর সফরের দিন রাতেই বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অদ্যই কার্যকর হবে।’ ফলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়তে হয় ইউসুফ আলীকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার মধ্যে তাঁকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন পাওয়ার পর রাতে নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এরপর নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

দায়িত্ব হস্তান্তরের পর রাতেই গাড়িতে রাজশাহী ছাড়েন ইউসুফ আলী। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে রাজশাহী শহরের তালাইমারী এলাকা অতিক্রম করতে দেখা যায় বলে সূত্রগুলো জানায়। পরে তিনি ঢাকায় পৌঁছান।

প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী রাজশাহী থেকে ঢাকায় ফেরার সময় হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর আচরণ নিয়ে আলোচনা তৈরি হয়। ওই সময়ের একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর বিদায়ের সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। ইউসুফ আলীর দিকে হাত বাড়ালে তিনি এক ধাপ এগিয়ে গিয়ে হাত মেলানোর সময় অন্য হাত দিয়ে পেছন থেকে প্রধানমন্ত্রীকে স্পর্শ করার চেষ্টা করেন। এ সময় প্রধানমন্ত্রী কিছুটা পিছিয়ে গিয়ে তাঁকে লাইনে দাঁড়ানোর পরামর্শ দেন বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে বিভাগীয় কমিশনারের আচরণকে প্রটোকলবহির্ভূত বলে মন্তব্য করেন। বুধবার সকালে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীও ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন। তিনি লেখেন, ‘প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার!’

তবে ইউসুফ আলীকে প্রত্যাহারের সরকারি প্রজ্ঞাপনে ভিডিও বা তাঁর আচরণের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। ফলে প্রত্যাহারের সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করা হয়নি।

এর আগে গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশকে কেন্দ্র করে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ১৮ আগস্ট দুই ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেন। মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়।

এর পরদিন ১৯ আগস্ট লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। একই দিনে নাটোরের তৎকালীন জেলা প্রশাসক আসমা শাহীন এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ওই দিনই রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলীকে পদায়ন করা হয়েছিল। দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাসের মাথায় তাঁকেও প্রত্যাহার করা হলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

শিশু বিয়ে বন্ধে সচেতনতা ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।