
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের জবানবন্দিতে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাত খুন মামলার আপিলের প্রথম দিনের শুনানি শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের এমন একটি অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ পাওয়া গেছে, তা অত্যন্ত ভয়াবহ। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাঁদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। মরদেহ পানিতে ভেসে উঠতে না দেওয়ার জন্য পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল জানান, মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
আসামিরা তাঁদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা, বিভিন্ন পর্যায়ে কার কী ভূমিকা ছিল এবং কীভাবে পুরো ঘটনা ঘটানো হয়েছে, তা বিস্তারিত বর্ণনা করেছেন। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে বলে জানান তিনি।
সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরার পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়।
জিয়াউল আহসানকে এ মামলায় আসামি করা হয়নি কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এ মামলায় জিয়াউল আহসানকে আসামি না করার বিষয়টি আলাদা। তবে সাক্ষ্য ও জবানবন্দিতে তাঁর নাম এবং দায়িত্বের বিষয়টি এসেছে। এ কারণে ইতিমধ্যে সম্পন্ন বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
তিনি জানান, এ মামলায় হাইকোর্ট ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
দ্রুত বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের অধিকার উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের ব্যস্ততা ও বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে বিচার শেষ করা সম্ভব হয় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় উদ্যোগ নিয়েছে।
সাত খুন মামলার আপিল শুনানি প্রসঙ্গে তিনি জানান, বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও শুনানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এ সময় মামলার তথ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতে তুলে ধরা হবে।
জবানবন্দিতে হত্যার পরিকল্পনা ও অপহরণের বিবরণ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এ মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাষ্ট্রপক্ষ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শুনিয়েছে।
তিনি বলেন, আসামিদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা, অপহরণ, হত্যা এবং মরদেহ নদীতে ফেলে দেওয়ার বিবরণ রয়েছে। প্রথমে পাঁচজনকে আটক করা হয়েছিল। পরে আরও দুজন ঘটনাটি দেখে ফেলায় তাঁদেরও অপহরণ করা হয়। তারেক সাঈদের নির্দেশে সাতজনকে হত্যা করা হয়। এরপর মরদেহের পেটে ইট ঢুকিয়ে ও বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণের সামঞ্জস্য রয়েছে বলে দাবি করেন তিনি।
জিয়াউল আহসানের ভূমিকা প্রসঙ্গে ব্যারিস্টার অনীক আর হক বলেন, তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তৎকালীন র্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার কথা উল্লেখ রয়েছে।
তারেক সাঈদের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র্যাব-১১-এর কমান্ডিং অফিসার হিসেবে যোগ দেন তারেক সাঈদ। র্যাবের অপারেশনাল নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়ার অনুমতি নিতে হতো। কোনো ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের নিজ উদ্যোগে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারের এখতিয়ার ছিল না।
জবানবন্দিতে তারেক সাঈদ আরও বলেন, ২০১৪ সালের মার্চে র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সিও কনফারেন্সে কর্নেল জিয়াউল আহসান তাঁকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল। নামের পাশে বিশেষ চিহ্ন দিয়ে তাঁকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে ওই তালিকার বিষয়ে জানিয়ে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারেক সাঈদ।


