
মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “ধরুন, মধ্যপ্রাচ্যের কারও নাম নিয়ে আপনার সন্দেহ আছে, তাহলে শুধু বলুন ‘মোহাম্মদ’। আপনার ৬৫ শতাংশ সম্ভাবনা আছে নাম মিলে যাওয়ার। শুধু বলবেন, ‘হ্যালো মোহাম্মদ’, আমি দীর্ঘদিন ধরেই এটি করছি। আর আমার কখনো ভুল হয়নি।”
মুসলিম পরিবারগুলোতে ছেলে শিশুদের নামের আগে, মাঝে বা শেষে ‘মোহাম্মদ’ যুক্ত করার প্রচলন রয়েছে। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক পরিবার এ নাম রাখে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস করার সময় সমাবেশে উপস্থিত ব্যক্তিরা নীরব ছিলেন। তারা এ বিষয়ে কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া জানাননি।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে জর্জিয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে সেখানে যান ট্রাম্প।
বক্তব্যে ইরানের প্রসঙ্গও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ইরান বিশ্বের একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এ সময় উপস্থিত কয়েকজনকে ‘মোহাম্মদ’ বলে সম্বোধন করে তারা ইরানের প্রেসিডেন্ট হতে চান কি না, তা নিয়ে ঠাট্টা করেন।
তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার মিল নেই। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


