
বান্দরবানের লামায় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র রাখার অভিযোগে মো. ইমতিয়াজ (২৪) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ দণ্ড দেন। ইমতিয়াজ লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা মো. সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ইমতিয়াজ ইয়াবা ও মদ সেবনের পাশাপাশি মা-বাবাকে মারধর করতেন এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখতেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিচারক মো. মঈন উদ্দিন বলেন, অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তান যখন মাকে মারধর করে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে এ সাজা দেওয়া হয়েছে।


