
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক ভবন, শ্রমিকদের আবাসস্থল, খাবারের দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সম্প্রতি সেলাঙ্গর রাজ্যে এক অভিযানে খাটের নিচে লুকিয়েও রক্ষা পাননি এক বিদেশি নাগরিক। কর্মকর্তারা তাঁকে সেখান থেকে আটক করেন।
চলতি বছরের প্রথম ১০ মাসে দেশজুড়ে ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান চালানো হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গরের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাতে তিনটি পৃথক অভিযান চালানো হয়। ‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের এসব অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জনকে আটক করা হয়। অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন এবং ৩৮ জনের কাগজপত্র যাচাই করেন।
অভিবাসন বিভাগের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক বিভিন্ন স্থানে লুকানোর চেষ্টা করছেন। তাঁদের একজন খাটের নিচে আশ্রয় নিলেও কর্মকর্তারা তাঁকে খুঁজে বের করেন।
আমপং এলাকায় আটক ১০ জনের মধ্যে আটজন মিয়ানমার এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। হুলু লাঙ্গাতে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন ও বিধিমালা অনুযায়ী তদন্ত চলছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে এক নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযান চালানোর পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০)-এর মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে পারবেন অনিয়মিত অভিবাসীরা। এ জন্য অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হবে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।


