
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঠিক পরিচর্যা, বিকাশ, শিক্ষা ও পুনর্বাসনে অভিভাবকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘প্যারেন্টিং ওয়ার্কশপ-২০২৬’। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘উই শ্যাল ওভারকাম অর্গানাইজেশন’।
বিশেষজ্ঞ চিকিৎসক, সাইকোলজিস্ট এবং বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় অভিভাবকদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় অটিজম, এডিএইচডি/এডিডি, বাক্ ও ভাষাগত সমস্যা, বিকাশগত বিলম্ব এবং শারীরিক প্রতিবন্ধকতাসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিচর্যা, আচরণ ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, থেরাপি, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উই শ্যাল ওভারকাম অর্গানাইজেশনের চেয়ারম্যান শারমিন জাহান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিউরোলজি ও অটিজম বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান দীপু, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকোলজিস্ট ও শিশু মানসিক বিকাশ বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ এবং সিডিআরসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. স্বাধীনা ইয়াসমিন।
কর্মশালায় বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে শুধু থেরাপি বা চিকিৎসাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবারের সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুর নিজস্ব সম্ভাবনাকে বিকশিত করতে পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের কল্যাণে ভবিষ্যতেও সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিবুন নাহার, শায়লা পারভিন, নুর আলামিন, ফরিদা খাতুনসহ অনেকে।


