সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাসপোর্ট হারানো-চুরিতে নতুন নিয়ম, দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার | চ্যানেল খুলনা

পাসপোর্ট হারানো-চুরিতে নতুন নিয়ম, দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার

হারানো, চুরি বা নষ্ট হয়ে যাওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়মে পাসপোর্ট হারানো বা চুরির পর পুনঃ ইস্যুর আবেদন করতে হলে অনলাইনে বিষয়টি রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে গত সোমবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা ওই পরিপত্রে হারানো, চুরি বা নষ্ট পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্র জারির দিন থেকেই এসব নির্দেশনা কার্যকর হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার বিষয়টি দ্রুত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে জানাতে হবে। এ রিপোর্ট পাওয়ার পর পাসপোর্টের স্ট্যাটাস হালনাগাদ করবে অধিদপ্তর।

এর পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির তথ্য যাচাই করে প্রতিবেদন পাসপোর্ট অধিদপ্তর বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে পাঠাবে। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের প্রতিবেদন না এলেও জিডির কপি জমা দিয়ে পুনঃ ইস্যুর আবেদন করা যাবে। এরপর অধিদপ্তর ‘লস্ট সার্কুলার’ জারি করে পুনঃ ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।

জিডি যাচাইয়ের সময় যদি প্রমাণ হয়, ভিসা পাওয়ার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়ার পর সেটি অবৈধভাবে আটকে রাখা হয়েছে, তাহলে দ্রুত পাসপোর্ট ফেরত পাওয়া সম্ভব না হলে আগের পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।

হারানো বা চুরি যাওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার পর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইএমএস) তা হালনাগাদ করবে। প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকেও বিষয়টি জানানো হবে।

বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলেও অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। এরপর সংশ্লিষ্ট মিশন ‘লস্ট সার্কুলার’ জারি করে পাসপোর্ট পুনঃ ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।

হারানো, চুরি বা নষ্ট পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট ইস্যু হলে তার ডেটা পেজে আগের পাসপোর্ট হারানোর বিষয়টি উল্লেখ থাকবে। একই সঙ্গে ডেটাবেজে আগের পাসপোর্ট হারানো বা বাতিল হওয়ার তথ্যও হালনাগাদ করতে হবে।

পুনঃ ইস্যুর সময় আবেদনকারীর মৌলিক পরিচয়ের তথ্য, যেমন নাম, জন্মতারিখ এবং মা-বাবার নাম সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত সংশোধনের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা হবে।

আংশিক ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রেও পুনঃ ইস্যুর সুযোগ রাখা হয়েছে। পাসপোর্টের পরিচয় শনাক্ত করার মতো অংশ আবেদনকারীর কাছে থাকলে সেটি সমর্পণ করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। তবে পাসপোর্ট সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে এবং পরিচয় শনাক্ত করার মতো কোনো অংশ দেখানো সম্ভব না হলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে হবে।

কোনো পাসপোর্ট হারানো বা চুরি হিসেবে রিপোর্ট করে বাতিল করার পর সেটি পরে খুঁজে পাওয়া গেলেও আর সক্রিয় করা বা বিদেশভ্রমণে ব্যবহার করা যাবে না। এমন পাসপোর্ট পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় এবং পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে জানাতে হবে। বিদেশে থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনকেও বিষয়টি অবহিত করতে হবে।

জরিমানার ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে। প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে নির্ধারিত ফির বাইরে কোনো জরিমানা দিতে হবে না। তবে দ্বিতীয়বার এবং এরপর প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা পরিশোধ করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

পাসপোর্ট হারানো-চুরিতে নতুন নিয়ম, দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কী আলোচনা হলো

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে তারেক রহমান, অংশ নিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে

কর্মমুখী শিক্ষা জোরদারের তাগিদ রাষ্ট্রপতির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।