
দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে এলে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষ দেশ পুনর্গঠনে এগিয়ে এলে কেউ তাদের ঠেকাতে পারবে না।
তিনি আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বলেন, সপ্তাহে অন্তত এক ঘণ্টা করে বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার করলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব।
তরুণ সমাজকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন সম্ভব তা দেখিয়েছে। এবার রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।


