
খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে বি কে মেইন রোডের ‘মা টেলিকম’ ও ‘আলতাফ স্টোরে’ চুরি হয়। এরপর মাদক ও চুরির বিরুদ্ধে স্থানীয় মসজিদে মাইকিং করে মানুষ জড়ো করা হয়। একপর্যায়ে বি কে মেইন রোডের ইসমাইল মঞ্জিলে কথিত মাদক কারবারি পরাগের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
পরে মৌলভীপাড়ার সাহেব আলী মোড় এলাকায় আরেক কথিত মাদক কারবারি জ্যোতির বাড়িতেও হামলা চালিয়ে থাই গ্লাস ভাঙচুর করা হয়।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পরাগের স্ত্রী, মেয়ে, ছোটভাই ও তার স্ত্রীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।


