
খুলনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
খুলনাসহ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। অন্য জেলাগুলো হলো সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদ।
নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে। ফেনীতে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। আর নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে।
এ ছাড়া পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।


