
খুলনার দিঘলিয়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে সেনহাটি পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা বার্ম্মাশীল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার সাহেব আলী মিনার ছেলে সুমন মিনা (৩০), সুলতান হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (৩৬) এবং হোসেন শেখের ছেলে সোহেল শেখ (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি দল খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সেনহাটি পুলিশ ফাঁড়ির চিন্ময় দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


