
খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি। তিনি রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে রাত ৮টার দিকে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে তিন ব্যক্তিকে দেখতে পান। এ সময় ওই ব্যক্তিরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে লক্ষ্যভ্রষ্ট গুলিটি তাঁর বাম পাঁজরের নিচে লাগে।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, কারা এবং কী উদ্দেশ্যে গুলি ছুড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।
খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


